শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় এলজিইডির সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে।
সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির অনেক স্থানে ভেঙে ছোট-বড় অনেকগুলো গর্ত সৃষ্টি হয়েছে। তার মধ্যে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এসকেডি আমার বাড়ি রিসোর্টের সামনের রাস্তাসংলগ্ন ছড়ার পাড়ে গার্ড ওয়াল না থাকায় রাস্তাটি মারাত্মকভাবে ভেঙে গেছে। রাস্তাটির যত্রতত্র ভাঙন আর কাদা-মাটির কারণে স্থানীয়দের পাশাপাশি রীতিমতো বেকায়দায় পরছেন আশপাশের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকরাও। স্থানীয় শামছুল হক, কাজী আছমা, অনিরুদ্ধ সেনগুপ্ত, সজল দাশ, মামুন খান, মো. আল-আমিনসহ অনেকেই জানান, দীর্ঘদিন ধরেই এ সড়ক সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেই। স্থানীয়ভাবে বেশ কয়েক বার বাঁশ ও মাটি দিয়ে ভাঙা স্থানগুলো অস্থায়ীভাবে মেরামত করা হলেও কিছুদিনের মধ্যেই আবার ভেঙে যায়। সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে ছড়ার পানি দ্রুত বেগে আসায় রাস্তার মাটি ধসে ভাঙন সৃষ্টি হয়েছে। সরকারিভাবে টেন্ডার না হওয়া পর্যন্ত এই সড়কের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। শ্রীমঙ্গল উপজেলা এলজিইডির প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার বলেন, রাধানগর এলাকায় সড়ক ভাঙনের খবর জানা নেই। তবে খুব শিগগিরই সড়কটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
