পথচারীদের দুর্ভোগ
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাই-বগুড়া মহাসড়কের এক পাশে ঘেঁষে আছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। সেখান থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কালাই পৌরসভার শিমুলতলি এলাকায় কালাই-বগুড়া মহাসড়কের এক পাশে ঘেঁষে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। ঐসব ময়লা-আবর্জনার অধিকাংশই পচনশীল পদার্থ।
কালাই পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী রাজ্জাক বলেন, মরহুম খন্দকার হালিমুল আলম জন কালাই পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে শিমুলতলি এলাকায় পতিত জায়গায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার কথা আমাদের বলছিলেন। তাই সেই থেকে এখনো সেখানে ময়লা-আবর্জনার ফেলা হচ্ছে।
কালাই পৌরসভার শিমুলতলি এলাকার বাসিন্দা ইস্পাহান আলী অভিযোগ করেন এই এলাকায় মহাসড়ক ঘেঁষে এভাবে ময়লা-আবর্জনা ফেলা মোটেও ঠিক হচ্ছে না। ময়লা-আবর্জনা থেকে এলাকায় জীবাণু ছড়াচ্ছে। কালাই-বগুড়া মহাসড়কের বসুন্ধরা পরিবহনের বাসচালক উজ্জল হোসেন বলেন, মহাসড়কের ঐ স্থানে আসলেই আর সামনে যেতে মন চায় না। উত্কট দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র লিলি বেগম বলেন, কালাই পৌরসভা অনেক ছোট। তাছাড়া ময়লা-আবর্জনা ফেলার জায়গা কমই আছে। পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। নতুন জায়গা না পাওয়া পর্যন্ত পথচারীদের একটু কষ্ট সহ্য করতে হবে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন পারভেজ বলেন, পৌরসভার ঐ মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা না ফেলে সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
