গোপালগঞ্জে ভবন থেকে পড়ে মেডিক্যাল টেকনোলজিস্টের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ভবনের ছয়তলা থেকে পড়ে মেডিক্যাল টেকনোলজিস্ট সুস্মিতা মজুমদার ইভার (২৫) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের ছয়তলা থেকে তিনি পড়ে যান।

নিহত সুস্মিতা মজুমদার ইভা গোপালগঞ্জ শহরের জনতা রোডের ডা. জগদীশ মজুমদারের মেয়ে। তিনি গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগে স্বেচ্ছাসেবক টেকনোলজিস্ট হিসেবে বিনা বেতনে কাজ করছিলেন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, শনিবার শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ছয়তলায় পিসিআর ল্যাব টেকনোলজিস্টদের প্রশিক্ষণ কর্মশালা চলছিল। বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান ভবনের বারান্দায় ছয় প্রশিক্ষণার্থীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাত্ করে সুম্মিতা নিচে পড়ে গিয়ে মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সুস্মিতার চাচা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিত্সক ডা. অনুপ মজুমদার বলেন, ভবনের যে জায়গা থেকে সুস্মিতা পড়েছে, সেখান থেকে পড়ার কথা নয়। বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তদন্ত করে দেখার জন্য জেলা প্রশাসককে মৌখিকভাবে বলেছি। তবে এখনো লিখিত কিছু কাউকে জানাইনি।