বিস্ফোরণের ঘটনায় নাশকতা উড়িয়ে দেওয়া যায় না :শামীম ওসমান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

নারায়াণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘বায়তুস সালাত জামে মসজিদের এই বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয়। এটির সঙ্গে নাশকতার সংশ্লিষ্টতা উড়িয়ে দেওয়া যায় না। এটা আমার আশঙ্কা। ঘটনা তদন্তে বিস্ফোরণ সম্পর্কে অভিজ্ঞ এমন বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত কমিটি গঠন করা উচিত। ঘটনাটিকে তুচ্ছ করে দেখার সুযোগ নেই। শুধু গ্যাসের কারণে এমন বিস্ফোরণ ঘটেছে, যেটাতে দেওয়াল বা মসজিদের স্থাপনা ভেঙে যায়নি, সন্দেহ এখানেই। কারণ এর আগে ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আমাদের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এ কারণেই আমি বিষয়টিকে গুরুত্ব দিয়ে অধিকতর তদন্তের আহ্বান জানাই।’ শামীম ওসমান আরো বলেন, ‘আমি কোনো বিশেষজ্ঞ নই। সে কারণে এটি বিশেষজ্ঞদের নিয়ে গভীর তদন্ত করার দাবি করছি। রাসায়নিক পরীক্ষা করতে পারেন এমন বিশেষজ্ঞদের কমিটিতে নিয়ে তদন্ত করা যেতে পারে। এটা এসির বিস্ফোরণ কি না, তা তদন্ত করা উচিত। কারণ এসির কম্প্রেশার বাইরে থাকে। বিস্ফোরণ হলে কম্প্রেশার বিস্ফোরিত হবে। অন্য কোনো কারণ এখানে জড়িত থাকতে পারে।’ গতকাল দুপুরে বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করতে এসে শামীম ওসমান গণমাধ্যমের কাছে এসব দাবি করেন।