দেশের স্বাস্থ্যব্যবস্থা ভালো বিধায় অর্থনীতি সচল :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১৬

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, স্বাস্থ্যব্যবস্থা ভালো আছে বিধায় দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। গতকাল সাটুরিয়া উপজেলায় তিনটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভ্যাকসিনের ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভ্যাকসিন বাজারে এলেই বাংলাদেশ আগে পাবে। প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনার কারণেই করোনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা অনেক কম।

এর পর স্বাস্থ্যমন্ত্রী সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে দুটি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন এবং দুস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন প্রমুখ।