যশোর সীমান্তে ১১টি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২১

তিন জন আটক

ইত্তেফাক রিপোর্ট

যশোর সীমান্ত হতে ভারতীয় ১১টি পিস্তল ও ৫০ রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোরে যশোর রিজিয়নের আওতাধীন রঘুনাথপুর বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—মো. সাজজুল (৩০), মো. আলমগীর হোসেন (৪০) ও আনারুল ইসলাম (৩৫)।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়নের আওতাধীন রঘুনাথপুর বিওপিতে কর্মরত হাবি. সিগ. মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালায়। অভিযানে মেইন পিলার ২১/৬ এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২ নম্বর ঘিবা নামক স্থান হতে ভারতীয় ১১টি পিস্তল, ২২টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়। আটককৃত ভারতীয় অস্ত্র, গোলাবারুদ এবং গাঁজাসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।