গরমের জন্য বিমানের জরুরি দরজা দিয়ে নামলেন নারী!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

বিমান অবতরণের পর নামতে সাধারণত কিছুটা সময় লেগে যায়। কিন্তু এদিন এটুকু সময়ও বিমানে অপেক্ষা করতে নারাজ ছিলেন ইউক্রেনের এক নারী যাত্রী। বিমান অবতরণের পর সামান্য অপেক্ষা করে সবাই যখন ধীরে ধীরে নামতে শুরু করেছেন ঠিক তখনই ঐ নারী বিমানের পেছনের অংশের জরুরি দরজা খুলে গিয়ে দাঁড়ান বিমানের ডানার ওপর। তার এমন কাণ্ড সম্পর্কে কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, গরমের কারণেই নাকি তিনি বিমানের ইমার্জেন্সি দরজা খুলে বাতাস খেতে বাইরে গিয়েছিলেন!  যদিও ঐ নারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তার এমন আইনবিরুদ্ধ আচরণের কারণে ইউক্রেন বিমান কর্তৃপক্ষ ভবিষ্যতের জন্য তাকে             সব ধরনের বিমান যাত্রার জন্য নিষিদ্ধ করেছে।

তুরস্কের আন্তালিয়া থেকে বিমানটি ইউক্রেনের কিয়েভে পৌঁছায়। বিমান যাত্রায় তার সঙ্গে স্বামী এবং দুই সন্তানও ছিলেন। ঐ নারী যখন বাতাস খাওয়ার জন্য বিমানের ডানার ওপর দাঁড়িয়ে ছিলেন অন্য যাত্রীদের সঙ্গে তার স্বামী সন্তানরাও তখন নেমে পড়েছিলেন নিচে। নিচে নেমে পড়া যাত্রীরা বেশ কৌতূহলী চোখে দেখছিলেন তার কাণ্ড। বিমানের ডানার ওপর ঐ নারীর পায়চারি করার দৃশ্য অবাক করেছে তার স্বামী-সন্তানকেও। —সিএনএন