জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সদস্যকে অব্যাহতি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সংগীতের উপপরিচালক রকিবুল হাসান রবিনকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঐ ছাত্রীর কাছে অভিযোগ পাওয়ার পর ৩১ আগস্ট রবিনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।

রকিবুল হাসান রবিন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের এক সময়ের সংগীত প্রশিক্ষক রকিবুল হাসান রবিন বর্তমানে সেখানেই সংগীতের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুলবুল ইসলাম বলেন, রকিবুল হাসান রবিন আমাদের এক জন সদস্য। এক জন সাবেক শিক্ষার্থী রবিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার কারণে তাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি  দেওয়া হয়েছে। একই দিনে সংগঠনটির পক্ষ থেকে এক জনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

ঐ ছাত্রী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তিনি রকিবুল হাসান রবিনের কাছে গান শিখতেন। ২০১০ সালে যখন তার বয়স ১২ বছর, তখন রবিন তাকে ধর্ষণ করেছিলেন।

অব্যাহতির বিষয়ে রকিবুল হাসান রবিনকে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে এর আগে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, ঐ মেয়েকে আমি দীর্ঘদিন গান শিখিয়েছি। ২০১০ সালের পরও আমরা একসঙ্গে অনেক অনুষ্ঠান করেছি। এ ধরনের অভিযোগ তখন তোলেনি কেউ। আজ অনেক বছর পর কেন?