স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে বিনা চিকিত্সায় মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু এবং ইন্টার্ন চিকিত্সকদের হামলার প্রতিবাদে নগরীতে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড এই মানববন্ধন করে।
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অবহেলায় মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু এবং মুক্তিযোদ্ধা ও তার সন্তানের ওপর হামলার ঘটনাটি ঘটিয়েছেন ইন্টার্ন চিকিত্সকরা।
মুক্তিযোদ্ধা সংসদের মহানগর শাখার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় মুক্তিযোদ্ধারা বলেন, চিকিত্সা অবহেলায় মৃত্যু এবং মুক্তিযোদ্ধা ও তার সন্তানের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর পারুল বেগমের (৬৫) মৃত্যুকে কেন্দ্র করে চিকিত্সকের গায়ে হাত তোলার অভিযোগে তার ছেলেকে পুলিশে সোপর্দ করা হয়। সেদিন বিকালে আদালত থেকে জামিন নিয়ে রাকিবুল ইসলাম নামের ঐ ব্যক্তি মায়ের দাফনে অংশ নেন।
স্বজনদের অভিযোগ, পারুল বেগম কোমরের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এ সময় ইন্টার্ন চিকিত্সকদের ডাকাডাকি করা হলেও কেউ চিকিত্সা দেয়নি। প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিত্সকরা উলটো রাকিবুলকে মারধর করেন। এ সময় তার মুক্তিযোদ্ধা বাবা ইসহাক আলীকেও মারধর করেন ইন্টার্ন চিকিত্সকরা। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
