মেলান্দহে ২২ দিন পর সেপটিক ট্যাংক থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩২

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা 

জামালপুরের মেলান্দহে ২২ দিন পর একটি সেপটিক ট্যাংক থেকে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্রের নাম আরমান (১৪)। সে মাদারগঞ্জের ভেলামারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় জাকিল (১৭) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সে সরোলিয়া গ্রামের হাসান আলীর ছেলে।

দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরি জানান, ২২ দিন আগে মামা আরিফুজ্জামানের বাড়িতে বেড়াতে যায় আরমান। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। গ্রেফতারকৃত জাকিল স্বীকার করেছে, সিগারেট নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম খান জানান, নিখোঁজ আরমানের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে রাত ৮টার দিকে সন্দেহভাজন জাকিলকে (১৭) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে জাকিল।