গাজীপুরে ঝুট গুদামে আগুন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, দেওয়ালিয়াবাড়ী এলাকায় রতন মিঞার ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। অন্যদিকে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন লাগার কারণ এবং কয়টি ঝুট গুদামে আগুন লেগেছে তা জানা যায়নি। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।