দুই বেঞ্চে চলবে ভার্চুয়ালি বিচার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৩

দীর্ঘ পাঁচ মাস পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ অনুষ্ঠিত হবে। আপিল বিভাগে দুজন বিচারপতি নিয়োগ দেওয়ায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ১ নম্বর বেঞ্চে প্রধান বিচারপতির সভাপতিত্বে এবং দ্বিতীয় বেঞ্চে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী নেতৃত্ব দেবেন। আজ রবিবার থেকে আপিল বিভাগের এই দুটি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নেবেন আইনজীবীরা।

গত বুধবার রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন। পরদিনই তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথের পরই প্রধান বিচারপতি আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করেন। ঐ পুনর্গঠন আদেশ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। আর বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি তারিক উল হাকিম।

গত ১২ মার্চ আপিল বিভাগের দুটি বেঞ্চে শারীরিক উপস্থিতিতে সর্বশেষ বিচারকাজ অনুষ্ঠিত হয়। এরপরই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় বন্ধ ছিল দেশের আদালতসমূহ। পরে অধ্যাদেশ জারিরর মধ্য দিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের উচ্চ ও নিম্ন আদালতে স্বল্পপরিসরে বিচারকাজ অনুষ্ঠিত হয়। এরপরই আগস্ট মাসে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে অনুষ্ঠিত ফুলকোর্ট মিটিংয়ে সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ সিদ্ধান্তের পরই আপিল বিভাগে একটি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ অনুষ্ঠিত হচ্ছে। আর হাইকোর্টে শারীরিক উপস্থিতির পাশাপাশি চলছে ভার্চুয়ালি বিচারকাজও। এমতাবস্থায় মামলা জট নিরসনে আপিল বিভাগে বিচারক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধান বিচারপতি দুটি বেঞ্চে বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেন।

এ সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বে আজ ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে (রবিবার-বৃহস্পতিবার) আপিল বিভাগের ১ নম্বর কোর্টে এবং বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে একই সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের ২ নম্বর কোর্টে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালিত হবে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট হতে সর্বশেষ দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে আপিল বিভাগে ২৩ হাজার ৬১৭টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৫৩৩টি দেওয়ানি এবং ৭ হাজার ৮৯৮টি ফৌজদারি এবং ১৮৬টি আদালত অবমাননার মামলা রয়েছে। আইনজীবীরা বলছেন, দুটি বেঞ্চে বিচারকাজ অনুষ্ঠিত হলে মামলা জট কিছুটা হলেও নিরসন সম্ভব হবে।