যুদ্ধে নিহত মার্কিন সেনাদের নিয়ে করা এক পুরোনো বিরূপ মন্তব্য সামনে চলে আসায় তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, সাবেক ও বর্তমান মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে। খবর রয়টার্সের
ট্রাম্প যা বলেছেন
দ্য আটলান্টিক ম্যাগাজিনে প্রথম ট্রাম্পের বেফাঁস মন্তব্যের খবর বের হয়। সেখানে বলা হয়, ২০১৮ সালে প্যারিস সংলগ্ন মার্কিন সমাধিক্ষেত্র সফর বাতিল করেছিলেন ট্রাম্প। সেখানে শায়িত যুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ট্রাম্প ‘লুজার’ ও ‘সাকারস’ বলে অভিহিত করেছিলেন। দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী, একই সফরের সময় বেলেউ উডে নিহত ১ হাজার ৮০০ মার্কিন সেনাকে ‘সাকারস’ বলে অভিহিত করেন ট্রাম্প। বার্তা সংস্থা এপির দাবি, তারা নিরপেক্ষভাবে ট্রাম্পের এমন অনেক বক্তব্য ?সম্পর্কে নিশ্চিত হয়েছে। আটলান্টিক বলছে, ট্রাম্পের সফর বাতিলের কারণ ছিল বৃষ্টি। এতে নিজের কেশবিন্যাস নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা ছিল ট্রাম্পের। নিজের চুলের চেয়ে মার্কিন যোদ্ধাদের সম্মানকে গুরুত্ব দেওয়ায় বিশ্বাস করেননি তিনি। ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তোপের মুখে ট্রাম্প
এই খবর সামনে আসার পর ভেটেরান গ্রুপগুলো ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে। এর মধ্যে প্রগ্রেসিভ গ্রুপ ভোটভেটস একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের একজন ট্রাম্পের উদ্দেশে বলছেন, এই ত্যাগের মূল্য আপনি জানেন না। ইরাক আফগানিস্তান ভ্যাটেরানস অব আমেরিকা গ্রুপের পল রিকহোফ টুইটারে প্রশ্ন তুলেছেন, এমন বক্তব্যে কে না বিস্মিত হবেন? ট্রাম্পের এমন মন্তব্যে তাকে প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে দাবি করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, ঐ খবর সত্য হলে তা চরমভাবে নিন্দা ও ভয়াবহ হতাশার বিষয়।
ট্রাম্পের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী
প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সাবেক ও বর্তমান সেনা সদস্য এবং তার পরিবারের প্রতি যথেষ্ট সম্মানবোধ আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। তাইতো তিনি সশস্ত্র বাহিনীর জন্য আরো বেশি অর্থ দিয়েছেন।
