অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ- গ্রেফতার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৩

করোনার সংক্রমণ ঠেকাতে জারি করা  লকডাউন তুলে নেওয়ার দাবিতে  পুরো অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভ করেছেন দেশটির শত শত মানুষ। শনিবার এই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ায় করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হিসেবে পরিচিত মেলবোর্নে প্রায় তিনশ মানুষ শহরের চারদিকে গত এক মাস ধরে জারি করা কঠোর লকডাউনের  বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ ছাড়া সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড এবং পার্থের মতো বড় বড় শহরগুলোতেও লকডাউনবিরোধী বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। 
 
গত শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন যে অস্ট্রেলিয়ার আটটি রাজ্যের মধ্যে সাতটিই অভ্যন্তরীণ সীমান্ত আগামী ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে। এ ছাড়া তিনি আরো জানান, নিউজিল্যান্ডের সঙ্গে ট্রাভেল বাবল শুরু হলে অস্ট্রেলিয়ার পর্যটন খাত চাঙ্গা হবে । এতে ফের প্রাণ ফিরে পাবে দেশটির অর্থনীতি তবে ভ্যাকসিন না আসলে বছরের পর বছর জুড়ে এমন করেই জীবন যাপন করতে হতে পারে বলে দেশের মানুষকে সতর্ক করে দিয়েছেন তিনি।

  আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ২৬ হাজার ২৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসটিতে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৭৫৩ জন। 

ইত্তেফাক/এআর