পর্যটকদের নৌভ্রমণে মুখর গাজনার বিল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পর্যটকদের নৌভ্রমণে মুখর হয়ে উঠছে সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিল। বর্ষা মৌসুম এলেই নতুন পানিতে গাজনার বিল থইথই করে। আর বিলে ঐ পানি থাকে পৌষ মাস পর্যন্ত। বর্ষার শুরু থেকে পৌষ মাস পর্যন্ত দীর্ঘ এ সময় প্রায় অর্ধশত সবুজ শ্যামল গ্রামবেষ্টিত বিশাল বিস্তৃত গাজনার বিল অপরূপ সৌন্দর্যে সাজে। সে কারণে এ সময় পর্যটকরা ছুটে আসেন গাজনার বিলে নৌভ্রমণে।

পর্যটকদের নৌভ্রমণের জন্য বিলের খয়রান ব্রিজ পয়েন্ট, চরবোয়ালিয়া পয়েন্ট এবং বোনকোলা ব্রিজ পয়েন্টে বাণিজ্যিকভাবে রাখা হয়েছে ইঞ্জিনচালিত বড় নৌকা ও ডিঙি নৌকা। তাছাড়া পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতে স্থানীয়ভাবে বিলের বোনকোলা ও খয়রান ব্রিজ পয়েন্টে রাখা হয় বিশাল বাইচের নৌকা। বিলপাড়ের উলাট গ্রামের নাসিম উদ্দিন মাস্টার জানান, প্রতিদিনই পর্যটকদের গাজনার বিলে নৌভ্রমণ করতে দেখা যায়। তবে প্রতি শুক্রবার ও শনিবার পর্যটকদের নৌভ্রমণে গাজনার বিল মুখর হয়ে ওঠে। বিলপাড়ের বোনকোলা গ্রামের রইচ উদ্দিন বলেন, দূর-দূরান্তের পর্যটকদের পাশাপাশি স্থানীয় লোকজনও গাজনার বিলে নৌভ্রমণ করেন। বিলে নৌভ্রমণে আসা পর্যটক সাংবাদিক আবুল কাশেম বলেন, বিলটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। তবে এজন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতায় বিলে সারা বছর পানি ধরে রাখার ব্যবস্থাসহ চারদিকে পরিকল্পিত পিকনিক স্পট এবং আবাসন সুবিধা গড়ে তোলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী বলেন, ইতিপূর্বে পর্যটকদের সুবিধার্থে বিলপাড়ে বেঞ্চ এবং সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরো পর্যটন সুবিধা বাড়ানো হবে।