ভ্রাম্যমাণ প্রতিনিধি
পশ্চিমের ছয় জেলায় এবার আউশ ধানের ফলন ভালো হয়েছে। সেই সঙ্গে ভালো দাম পেয়ে চাষিরা খুশি। চাষিরা জানান, এবার উচ্চফলনশীল আউশ বিঘাতে ২০ মণ ফলন হচ্ছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের চাষি আকমল হোসেন জানান, ধানের দাম বেশি হওয়ায় এবার চাষি আউশ ধানের আবাদ বাড়িয়ে দিয়েছে। বি আর-৪৮ জাতের আউশ ধান প্রতি মণ ১ হাজার টাকার ওপর বিক্রি হচ্ছে। এতে চাষির লাভ হচ্ছে। মেহেরপুর জেলার সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের চাষি শামসুল ইসলাম জানান, বিগত কয়েক বছর ধরেই চাষি আউশ চাষে ঝুঁকেছে। এবার ধানের দাম বেশি থাকায় আউশ চাষ আরো বাড়িয়ে দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা জানান, আউশ আবাদ বাড়ানোর জন্য চাষিদের প্রণোদনা দেওয়া হয়েছে। এবার অউশ চাষে ছয় জেলায় প্রণোদনা হিসেবে ৩৭ হাজার চাষিকে বীজ ও সার দেওয়া হয়েছে। তিনি বলেন, এ অঞ্চলে ৬২% আউশ ধান কাটা শেষ হয়েছে। হেক্টরপ্রতি ৪ দশমিক ৭ টন করে গড় ফলন হচ্ছে। আউশ ধান চাষে খরচ কম। বৃষ্টির পানিতেও চাষ হয়।
