খুলনা অফিস
স্কুল বন্ধ থাকলেও খুলনায় পিছিয়ে নেই খুদে শিক্ষার্থীদের পড়ালেখা। অনলাইনে অথবা মোবাইল ফোনে শিক্ষকদের দিক-নির্দেশনায় ঘরে বসে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করছে। প্রত্যন্ত এলাকার দুর্বল শিক্ষার্থীরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ডুমুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের (একাংশ) সঙ্গে রবিবার অনলাইন মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ কথা বলেন। অনলাইন জুম প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাসহ ৪৮১ জন অংশগ্রহণ করেন। করোনাকালে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর এ সভার আয়োজন করে। সভায় জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সাপ্তাহিক ভিত্তিতে পাঠ পর্যালোচনা, ইউটিউব-সংসদ, টিভি-বেতারের এফএম সম্প্রচারের মাধ্যমে পাঠদান এবং ওয়ান-ডে ওয়ান ওয়ার্ড কার্যক্রম চলমান আছে। শিক্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়া দিচ্ছেন ও পাঠের অগ্রগতি যাচাই করছেন। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
