নাটোর প্রতিনিধি
নাটোরে সেপটিক ট্যাংক তৈরির সময় মাটিচাপা পড়ে কালাম হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি শহরের তেবাড়িয়া মধ্যপাড়া এলাকার মৃত ইনুর ছেলে। রবিবার সকাল ৯টার দিকে শহরের রামাইগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী জানান, সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন চার জন শ্রমিক। হঠাত্ করে মাটি ধসে পড়ে কুপের মধ্যে দুই জন চাপা পড়ে। এর মধ্যে এক জন উঠে আসতে পারলেও কালামকে তুলতে পারেনি তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মাটি সরিয়ে কালামের লাশ উদ্ধার করে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
