বামনা (বরগুনা) সংবাদদাতা
বামনার রামনা লঞ্চঘাটে বরিশাল থেকে বরগুনার উদ্দেশ্যে আসা ১৩২ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই একটি কার্গো রবিবার বিশখালী নদীতে ডুবে গেছে। কার্গোর চালক হিরন মিয়া জানান, বরিশাল থেকে সার বোঝাই করে শনিবার রাতে রামনা এলাকায় এসে পৌঁছান, নদীতে গোনের অপেক্ষায় রামনা লঞ্চঘাট পল্টনে কার্গো নোঙর করি। জোয়ারের অপেক্ষায় এক সময় কার্গোর মাঝি ও শ্রমিকরা ঘুমিয়ে পড়লে ভাটায় কার্গোর পিছনের অংশ তলিয়ে গিয়ে স্রোতে নদীতে ডুবে যায়। কার্গোতে ২ হাজার ৬৪০ বস্তা সার ছিল। এর মধ্যে তলিয়ে যাওয়ার সময়টুকুতে ৭০ বস্তা তুলতে পেরেছি। বরগুনা জেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন জানান, বরগুনা সদরের ভাই ভাই ট্রেডার্স এবং মিলন ট্রেডার্সের ২ হাজার ৬৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে কার্গো নদীতে ডুবে গেছে।
