মুলাদী (বরিশাল) সংবাদদাতা
মুলাদীতে লাশ দাফনের চার মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। হত্যার অভিযোগে বাবার দায়েরকৃত মামলার ভিত্তিতে রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলাম শরীফের মেয়ে নুরজাহান বেগমের (১২) লাশ উত্তোলন করা হয়। নূরজাহান বেগমের মৃত্যুর পর তাকে ২ মে দাফন করা হয়েছিল।
মুলাদী থানার অফিসার ইনচার্জ গত ২৯ জুলাই মামলা রুজু করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে ৬ সেপ্টেম্বর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠান। লাশ উত্তোলনের সময় মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনুর জামানা, মেডিক্যাল অফিসার ডা. মাসুম বিল্লাহ, মুলাদী ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান উপস্থিত ছিলেন।
