পাবনা প্রতিনিধি
পাবনায় রবিবার পর্যন্ত দুই দিনে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হয়। শনিবার ৬০ টাকা। রবিবার সকাল থেকে তা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ২০০ টাকার ওপরে।
পাবনা এ আর কর্নার মার্কেটের কাঁচাবাজারের খুচরা বিক্রেতা আজাদ মিয়া জানান, প্রতিদিনই বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। ক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, পাইকাররাই ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা মণ দরে পেঁয়াজ কিনেছেন।
স্থানীয় ব্যবসায়ী ওয়াজেদ আলি জানান, পাবনার বাজারে সাধারণত শহরের আশপাশ থেকে আসা কাঁচা মালামাল বিক্রি হয়। আর বড় বাজার মোকামে কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে না বললেই চলে। সামান্য কিছু পাওয়া গেলেও তা বেশি দামে কিনে আমাদের সামান্য লাভে বিক্রি করতে হচ্ছে।
পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, বাজার পর্যবেক্ষণ করে পেঁয়াজ-কাঁচা মরিচের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
