মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মাস্ক বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রবিবার শ্রমিক লীগ অফিসে লালমনিরহাট পৌরসভার আয়োজনে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সফুরা বেগম রুমি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ।
উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জগন্নাথপুর উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে রবিবার উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলার মইয়ার হাওরে ১০ থেকে ১৫ সেন্টিমিটারের রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। এ সময় মত্স্য অধিদপ্তর সিলেটের উপপরিচালক জিল্লুর রহমান, জেলা মত্স্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কর্মশালা
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় রবিবার জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বাকাল ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কনসালটেন্ট মীনা বেগম, কমিউনিটি অর্গানাইজার এস এম আসাদুজ্জামান প্রমুখ।
তালবীজসহ বিভিন্ন গাছের চারা রোপণ কর্মসূচি
নওগাঁ প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় রবিবার মাসব্যাপী তালবীজসহ বিভিন্ন গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। এ সময় নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্রান্সপ্ল্যান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপণ উদ্বোধন
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে রবিবার রাইজ ট্রান্সপ্ল্যান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। উপজেলায় বন্যা-পরবর্তী কৃষকদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে পর্যায়ক্রমে ১৬ জন কৃষকের ষোল বিঘা জমিতে রাইজ ট্রান্সপ্ল্যাল্টার মেশিন দিয়ে ধানের চারা রোপণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়।
ভাসমান বেডে উত্পাদিত রোপা আমন ধানের চারা বিতরণ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা ছাতকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবিবার ভাসমান বেডে উত্পাদিত রোপা আমন ধানের চারা বিতরণ করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পিপিবি) এ টি এম সাইফুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় উত্পাদিত ভাসমান বীজতলা থেকে এসব আমন ধানের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়।
রোগীদের মধ্যে সরকারি অনুদান বিতরণ
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে রবিবার সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম প্রমুখ।
চাটমোহরে প্রেস ব্রিফিং ও সেমিনার
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে রবিবার নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান।
