জাতীয় নদীর স্বীকৃতি পাওয়ার উপযুক্ত ‘হালদা’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

চট্টগ্রামে মতবিনিময় সভায় বক্তারা

চট্টগ্রাম অফিস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে হালদা নদীকে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রলালয় কর্তৃক ‘বঙ্গবন্ধু মত্স্য  হেরিটেজ’ ঘোষণা করার বিষয়ে এক মতবিনিময় সভা গতকাল রবিবার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা মত্স্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ির রামগড়ের পাহাড় থেকে উত্পত্তি হওয়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মত্স্য হেরিটেজ’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হালদা নদীর উত্স, সম্পদ, ঐতিহ্য এবং অর্থনৈতিক অবদান বিবেচনা করলে এ নদী বাংলাদেশের জাতীয় নদীর স্বীকৃতি পাওয়ার উপযুক্ত। অপার জীববৈচিত্র্য ও মত্স্য সম্পদে ভরপুর এ নদী জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। এটি বাংলাদেশের একমাত্র রুই জাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, কালিঘনি) প্রাকৃতিক প্রজনন  ক্ষেত্র। সভায় জানানো হয়, হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মত্স্য হেরিটেজ’ ঘোষণা করে সেখানে নদীর তীরবর্তী এলাকায় একটি নান্দনিক তোরণ ও নামফলক স্থাপন করবে মত্স্য গবেষণা ইনস্টিটিউট।