এই সময়ের ছড়া
খান মোহাম্মদ খালেদ
ক.
রুই-কাতলা ধরার আমার সাধ্য নাই
চুনোপুঁটি ধরতে পারি—তাই তা খাই,
এতেও আমার বাহাদুরি কম তো নয়—
পুঁটি ধরতে দেখেই ওরা পায় যা ভয়!
খ.
মুখোশ পরে চলে ওরা তাই
দেখে প্রথম চিনতে পারি নাই,
প্রশ্রয়ে তাই লুটেছে মান-ধন—
ঘরের শত্রু ভীষণ বিভীষণ!
গ.
কেঁচো খুঁড়তে সাপ বেরুনোর ভয়ে
থাকছি কেমন জড়সড় হয়ে,
কেঁচো খোঁজার প্রয়োজন কী ভাই
বরং নাকে তেল দিয়ে ঘুম যাই!
