আজই ‘ফিরছেন’ মেসি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

অনিশ্চয়তা কেটে গেছে। অন্তত আরো এক মৌসুমের জন্য বার্সেলোনায় থাকছেন লিওনেল মেসি। অপেক্ষা ছিল বার্সা অধিনায়কের অনুশীলনে ফেরার। সে অপেক্ষাও ঘুচতে যাচ্ছে আজ সোমবার।

মেসির অনুশীলনে ফেরার সূচি ছিল গেল সোমবারেই। কিন্তু বার্সার সঙ্গে বিরোধ না মেটায় সেদিন অনুশীলনে ফেরেননি তিনি, উপস্থিত হননি করোনা পরীক্ষাতেও। তাই আজ অনুশীলনে ফেরার আগে করোনা পরীক্ষাতেও উতরে যেতে হবে তাকে।

এরপর ছয় বারের ব্যালন ডি’অর জয়ী চলতি মৌসুমে প্রথম ম্যাচটি খেলবেন আগামী ২৬-২৭ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় লা লিগার তৃতীয় ম্যাচদিবসে। সেদিন ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা।

মধ্যবর্তী দলবদলের মৌসুম শুরু হবে আগামী জানুয়ারিতে। এর মধ্যে অতিমাত্রায় ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় না কাটালে সে সময়ে যে দল ছাড়ছেন না, তা একরকম নিশ্চিত। এরপরও যদি দল ছাড়তে হয় তবে দুই পক্ষকেই যেতে হবে আদালতের চৌকাঠে। কিন্তু বার্সার সঙ্গে সম্পর্কটা যে আদালতে গিয়ে শেষ করতে চান না, সম্প্রতি গোলকে দেওয়া সাক্ষাত্কারে মেসি সেটা নিজেই জানিয়েছেন। তাই জানুয়ারিতে যে দল ছাড়ছেন না সেটা প্রায় অবধারিতই।

মধ্য মার্চে ভিন্ন এক ব্যস্ততা নামবে ন্যু ক্যাম্পে, বার্সা সভাপতি নির্বাচনের হাওয়া লাগবে কাতালুনিয়ায়। জানুয়ারিতেই নির্বাচনের দিনক্ষণ ঠিক করার কথা ক্লাবটির।

নির্বাচনের ফল বার্সায় মেসির ভবিষ্যতেও ফেলতে পারে বড় প্রভাব। সাক্ষাত্কারের একটা বড় অংশ জুড়ে, কিংবা এর আগে থেকেই বর্তমান বার্সা বোর্ডের সমালোচনা করে আসছেন মেসি। বার্তোমিউ সমর্থিত প্রার্থীদের বাদে ভিক্টর ফন্ট, হুয়ান লাপোর্তা কিংবা জর্দি ফেরেদের কেউ জিতলে হয়তো আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তি নবায়নের দৃশ্যপটে বড় পরিবর্তনই আসতে পারে।  তবে সেটা না হলে অবস্থা আর পরিবর্তন হবে না আগামী জুন পর্যন্ত। সে মাসের শেষেই ন্যু ক্যাম্পে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তাহলে ফ্রি এজেন্ট হিসেবেই আসছে মৌসুমের শেষে যেতে পারবেন বিশ্বের যে কোনো ক্লাবে। তেমনটা হোক, কোনো বার্সা সমর্থকই চাইবেন না নিশ্চয়ই!