কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় সেরেনা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সন্ধানে থাকা সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে স্লোয়ান স্টেফেন্সের বিপক্ষে ২-৬, ৬-২, ৬-২ গেমের কষ্টার্জিত জয় তুলে নিয়ে শিরোপার আসা টিকিয়ে রেখেছেন। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছেন সোফিয়া কেনিন, ভিক্টোরিয়া আজারেঙ্কা। পুরুষ এককে শেষ ষোলোয় উঠেছেন ডমিনিক থিয়েম আর দেনিস শাপোভালভ।

২০১৭ অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকেই গ্র্যান্ড স্ল্যাম শিরোপা যেন সেরেনার জন্য হয়ে দাঁড়িয়েছে দূর আকাশের তারা। রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার অপেক্ষাটা আরো দীর্ঘ হওয়ার শঙ্কাটা গত রবিবার সকালে আরো বড় হয়েই দেখা দিয়েছিল সেরেনার সামনে। প্রথম সেটটা হেরে বসেন ৬-২ গেমে।

তবে এরপরই দারুণভাবে ম্যাচে ফেরেন আমেরিকান তারকা। বাকি দুই সেটে স্বদেশি স্টেফেন্সকে হারান একই ব্যবধানে, নিশ্চিত করেন শেষ ষোলো। ম্যাচ শেষে সেরেনার প্রতিক্রিয়া, ‘লড়াইটা তীব্র ছিল, আমরা সবসময়ই অবিশ্বাস্য ম্যাচ খেলে থাকি।’

প্রতিপক্ষের প্রশংসা করে সেরেনা আরো যোগ করেন, ‘আমি নিজেকে বলছিলাম, সরাসরি সেটে হারতে চাই না। কারণ সে দারুণ খেলছিল।’

নিজের পরবর্তী ম্যাচে আগামীকাল সেরেনা লড়বেন ১৫তম বাছাই মারিয়া সাকারির বিপক্ষে। নারী এককের অন্য ম্যাচে সোফিয়া কেনিন ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন অন্স জাবুরকে, আজারেঙ্কা ৬-৪, ৬-২ গেমে ইগা সিয়াটেককে হারিয়ে পাড়ি জমিয়েছেন শেষ ষোলোয়।

পুরুষ এককে শাপোভালভ ৩-৬, ৬-৩, ৪-৬, ৭-৬, ৬-২ গেমে হারিয়েছেন টেলর ফ্রিটজকে। মারিন কিলিচকে ৬-২, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে প্রতিযোগিতায় টিকে আছেন ডমিনিক থিয়েমও।