ইত্তেফাক রিপোর্ট
গতকাল পৃথক স্থানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক গৃহবধূসহ চার জন নিহত হয়েছেন। তারা হলেন— যাত্রাবাড়ীতে নির্মাণ শ্রমিক নয়ন হাওলাদার, ডেমরায় প্রকৌশলী সাকিবুর রহমান, হাজারীবাগে জানালার কাজে নিয়োজিত মিস্ত্রি বিশাল ও মহাখালীতে গৃহবধূ ফরিদা বেগম। এর মধ্যে যাত্রাবাড়ীর সুতিখালপাড় এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন নয়ন হাওলাদার। জানালার কাচ লাগানোর সময় বিদ্যুত্স্পৃষ্টে মারা যান বিশাল। নিজ বাড়িতে একই কারণে মারা যান সাকিবুর রহমান ও ফরিদা বেগম। ঢাকা মেডিক্যাল কলেজসংলগ্ন পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঘটনাগুলো সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চার জনের লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
