আড়াইহাজারে নতুন সড়কে পুরোনো সংকীর্ণ দুই বেইলি ব্রিজ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:২০

দীর্ঘ যানজট, নীরব কর্তৃপক্ষ

মাসুম বিল্লাহ, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন আড়াইহাজার উপজেলা সংলগ্ন দক্ষিণপাড়া বেইলি ব্রিজ ও গোপালদী পৌর সভার রামচন্দ্রদী বেইলি ব্রিজ এলাকায় প্রতিদিন যানজট লেগেই থাকে। তাই এ থেকে পরিত্রাণ পেতে ট্র্যাফিক পুলিশ মোতায়েনের দাবি তুলেছে এলাকাবাসী। গত কয়েক দিন যাবত্ রামচন্দ্রদী ব্রিজ থেকে চালার চক পর্যন্ত যানজট লেগে থাকে।

সরেজমিনে দেখা গেছে, দুইটি ব্রিজই অত্যন্ত সরু। একমুখী যাতায়াতে একটি বাস ও ট্রাক ব্রিজে উঠলে পথচারীর পায়ে হেঁটে যাওয়ারও উপায় থাকে না। তা ছাড়া ব্রিজে রেলিং না থাকায় হেঁটে চলতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রতি মাসে ২০ থেকে ২৫ জন পথচারী ব্রিজ থেকে পড়ে আহত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। তবে এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি।

অনুসন্ধানে জানা গেছে, প্রথমদিকে শুধু স্থানীয় পর্যায়ে অল্প কিছু যানবাহন এ দুটি ব্রিজ হয়ে চলাচল করলেও আড়াইহাজার থেকে বাঞ্ছারামপুর চলাচলে সড়ক চালু হলে বেড়ে যায় নানা যানবাহনের চাপ। একই সঙ্গে বেড়েছে আগের তুলনায় ইজিবাইক, রিকশা ও ভ্যান চলাচল। দুই ব্রিজের উভয় পাশের সড়ক উন্নত হলেও রয়ে গেছে পুরোনো বেইলি ব্রিজ। ফলে যানবাহন দ্রুত এসে দুই ব্রিজের দুই প্রান্তে জড়ো হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগীদের দাবি, সময়ের চাহিদা অনুযায়ী দ্রুত দুটি ব্রিজই ভেঙে উন্নতমানের কংক্রিট ব্রিজ তৈরি করা হোক। এই ব্যাপারে নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. কাফি হোসেন জানান, চালকরা নিয়মনীতি না মানার কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। তাছাড়া সংস্কারের লক্ষ্যে অল্প কিছুদিনের মধ্যেই রামচন্দ্রদী বেইলি ব্রিজের টেন্ডার হওয়ার কথা রয়েছে।