বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় টিআইবি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনওর ওপর বর্বরোচিত হামলার ঘটনার পেছনে নিছক ‘চুরির উদ্দেশ্য’ বা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে একটি মহল যে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল রবিবার এক বিবৃতিতে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধান ও নৃশংস এই হামলায় সরাসরি জড়িত ও আড়ালে থাকা প্রকৃত অপরাধীদের  চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ রকম একটি লোমহর্ষক ও উদ্বেগজনক ঘটনায় যেভাবে সন্দেহভাজন এক ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তির ওপর নির্ভর করে একে ‘নিছক চুরি’ এবং একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে প্রচার করা হচ্ছে তা খুবই হতাশাব্যঞ্জক ও সন্দেহজনক। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এভাবে বেশ কিছুদিন ধরে তদন্ত শেষ করার আগেই সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। এটা কর্মদক্ষতার প্রমাণ নয় বরং আইনি প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। এমন আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে, এই প্রক্রিয়ায় পেছন থেকে যারা কলকাঠি নাড়ে, তারা আড়ালেই থেকে যায়। তদন্ত সংস্থার দায়িত্ব তদন্ত করা, মামলার দায় বা রায় ঘোষণা করা নয়। আমরা এই অপসংস্কৃতির অবসান চাই। একজন সরকারি কর্মকর্তার ওপর হামলার পেছনে স্থানীয় প্রভাবশালী, দুর্নীতিসহায়ক ও স্বার্থান্বেষীদের কোনো ভূমিকা আছে কি-না তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।