বরগুনায় ২২ লাখ টাকার সারবোঝাই কার্গো জাহাজডুবি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫

বরগুনায় প্রায় ২২ লাখ টাকার সারবোঝাই এমভি পানামা-২ নামের একটি  কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল রবিবার ভোরে বামনা উপজেলার বিশখালী নদীতে এ জাহাজডুবি হয়। জানা গেছে, গত শনিবার বিকালে বরিশাল বাফার গোডাউন থেকে ২ হাজার ৬৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে কার্গোটি বরগুনার উদ্দেশে রওয়ানা হয়। বিশখালী নদীতে ডুবো চরে ধাক্কা লেগে কার্গোটি  কাত হয়ে পানি ঢুকে এবং আস্তে আস্তে তলিয়ে যায়। এ সময় মাত্র ৭০ বস্তা সার উদ্ধার করতে সক্ষম হয় শ্রমিকরা। খবর পেয়ে বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তাসহ চার সদস্যের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। বরগুনা জেলা সার ডিলার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন জানান, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। প্রশাসন তত্পর আছে।

এ ব্যাপারে বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, জাহাজের শ্রমিকদের অনিচ্ছাকৃত ভুলে দুর্ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, সারসংকট নিরসনের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত বরাদ্দের আবেদন করছি।