রোগীর স্বজনদের ওপর হামলা

রাজশাহী মেডিক্যালের দুই চিকিত্সকের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সা অবহেলায় রোগীর মৃত্যু এবং তার ছেলে ও মুক্তিযোদ্ধা স্বামীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার বিকেলে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ইসাহাক আলী নিজে বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন—হাসপাতালের ইন্টার্ন চিকিত্সক ডা. শোভন সাহা (২৪), ডা. আ. রহিম (২৫) ও প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন (৫৮)। এছাড়া মামলায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর সকাল সোয়া ৭টায় স্ত্রী পারুল বেগম অসুস্থ হওয়ায় মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও ছেলে রাকিবুল ইসলাম লিটন চিকিত্সার জন্য তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তাকে ৪৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর প্রায় ১ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও সংশ্লিষ্টরা কোনো চিকিত্সা দেননি। রোগীর অবস্থা  সংকটাপন্ন হওয়ায় পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করেন। তাদের কান্নাকাটির শব্দ পেয়ে ডাক্তার ও নার্স আসেন। সকাল পৌনে ৯টায় সংশ্লিষ্টরা রোগীকে মৃত ঘোষণা করেন। এসময় ছেলে রাকিবুল ইসলাম লিটন চিকিত্সার এমন বেহাল দশার প্রতিবাদ করলে  আসামিরা তাকে বেধড়ক কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন।  মুক্তিযোদ্ধা ইসাহাক তাদেরকে শান্ত করতে গেলে তার দাড়ি ধরে টানাটানি ও কিল-ঘুষি মেরে মেঝেতে ফেলে দিয়ে বুকে লাথি মারেন ঐ চিকিত্সকরা। শুধু তাই নয়, প্রায় ৫ ঘণ্টা স্ত্রীর লাশ আটকে রেখে মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে জোরপূর্বক ক্ষমা চাওয়ানো হয় এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেন তারা। এ ছাড়া তাদের দাবির মুখে রাকিবুল ইসলাম লিটনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তিনি রাজশাহী মহানগরীর সাগরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।