ভ্যাপসা গরম থাকবে আরো দুই-তিন দিন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৭

ভাদ্রের শেষ দিকে বাতাসে জলীয়বাষ্পের মাত্রা হঠাত্ বেড়েছে। এতে সারা দেশে বৃদ্ধি পেয়েছে সূর্যের তাপ। রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা নেই বেশ কয়েক দিন। ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছে নগরবাসী। রাজধানীতে গতকাল তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। স্বাভাবিকভাবেই কমে গেছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই গরম আরো দুই থেকে তিন দিন থাকবে। ফলে গরমের সঙ্গে গুমোট ভাবটা কয়েক দিনের মধ্যে কেটে গিয়ে রাজধানী ঢাকায় দেখা দিতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। গতকাল রাজধানীতে বৃষ্টি না হলেও দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত নীলফামারীর ডিমলা উপজেলায় ৭১ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বেশি হতে পারে উত্তরাঞ্চলে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে বৃষ্টি কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বাতাসে জলীয়বাষ্পের মাত্রা বেশি রয়েছে। এ জন্য গরম অনুভব হচ্ছে বেশি। পরিস্থিতি দু-এক দিনের মধ্যে পরিবর্তন হতে পারে।