বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করছে। যে অর্থনীতিকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়ে জিয়াউর রহমান ও সাইফুর রহমান ওপরে নিয়ে গিয়েছিলেন, সেটাকে এখন টেনে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, তাদের লক্ষ্য একটাই, টাকাও বানাও, দুর্নীতি কর, মেগা প্রজেক্ট কর, মেগা লুটপাট কর। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল আয়োজিত এক ভার্চুয়াল আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সাইফুর রহমান অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেন।
অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমানকে সফল ও বিপ্লবী সংস্কারক অভিহিত করে মির্জা ফখরুল বলেন, অনেক সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যেটা খুব পপুলার ছিল না। ভ্যাট চালু বিষয়ে অনেক অর্থনীতিবিদও সে সময় সমালোচনা করেন। কিন্তু তার ভবিষ্যত্ দৃষ্টি ও প্রজ্ঞা প্রমাণ করেছে তিনি পরিবর্তনের বাংলাদেশ নির্মাণ করে গেছেন। সাইফুর রহমানের কর্মকাণ্ড সংরক্ষণে ফাউন্ডেশন গঠনের প্রস্তাব করে বিএনপি মহাসচিব বলেন, সাইফুর রহমানকে সিলেটের নেতা বানাবেন না, তিনি বাংলাদেশের নেতা এবং অর্থনীতির সফল অন্যতম নেতা বলতে পারেন।
সাবেক যুবদল নেতা কাইয়ুম চৌধুরীর পরিচালনায় আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান জি কে গউছ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং মরহুম সাইফুর রহমানের ছেলে সাবেক এমপি এম নাসের রহমান বক্তব্য রাখেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
