মাস্ক-পিপিইসহ বিভিন্ন চিকিত্সা সরঞ্জাম কেনায় দুর্নীতির অনুসন্ধানে বিল-ভাউচারসহ রেকর্ডপত্র চেয়ে কুয়েত মৈত্রী হাসপাতালকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জরুরি পত্রে এই রেকর্ডপত্র চাওয়া হয়। দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত ঐ জরুরি পত্রে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ করা হয়েছে। এর আগে গত ৯ আগস্ট করোনাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের আরো একটি অভিযোগ অনুসন্ধানে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের বেশ কিছু নথি তলব করেছিল দুদক।
দুদক সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯-এর চিকিত্সার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনা ও সরবরাহ, চিকিত্সকদের হোটেলে থাকা-খাওয়ার নামে সরকারি অর্থ আত্মসাত্ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের স্বার্থে এসব রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
