ঘুমের ছড়া
প্রতিদিনই কাজের ফাঁকে
শরীর ও মন রেস্টে যায়
সকল ক্রিয়া-প্রতিক্রিয়া
থমকে থাকে তখনটায় ।
প্রাণিকুলের এই রীতিকে
ঘুম বলা হয় জানি তো
ঘুম না হলে এই জগতে
স্বপ্ন কে হায় আনিত!
বাঁচতে হলে ঘুম প্রয়োজন
ঘুমায় সারা প্রাণিকুল
কচ্ছপে আর কুকুর ঘুমায়
ঘণ্টা তেরো নয় তো ভুল!
বড়ো লোমশ আরমাডিলো
ঘুমায় ঘণ্টা বিশেকই
ছোট্ট ইঁদুর এবং বাদুড়
ঘুমের পাগল তাই দেখি!
ওরাও ঘুমায় ঘণ্টা কুড়ি
আঠারোতেও নয় কো কম
অপোসাম আর পাইথনে ঠিক
সেই ঘুমানোর আছে দম!
সতেরোতে আছে জানি
বানর-নিশাচরেরা
ঘুমে ঘুমেই এই জীবনের
চক্র ঘুরে হয় ফেরা।
কাঠবিড়ালি পনেরো আর
ঘণ্টা ষোল টাইগারে
বিড়াল ঘুমায় ঘণ্টা বারো
হাতির পোষায় ঠিক চারে।
ভেড়া ঘুমায় পৌনে চার ও
ঘোড়া ঘণ্টা পৌনে তিন
জিরাফ ঘুমায় ঘণ্টা দুয়েক
জেগেই থাকে রাত ও দিন।
বনের রাজা সিংহ ঘুমায়
ঘণ্টা সাড়ে তেরো ভাই
চিতাবাঘে এগারো আর
বেবুনের দশ ঘণ্টা চাই।
গাধারা তো ঘুমেও গাধা
ঘণ্টা তিনেই হয় সাবাড়
ছাগলের চাই ঘণ্টা পাঁচেক
হাম্বা ঘুমায় ঘণ্টা চার।
সকল প্রাণী ঘুমেই কাটায়
যার যা হিসাব তাতেই তো
মানুষ নাকি ঘণ্টা সাত-আট
ঘুমের ঘোরে মাতেই তো!
মাছ
রক্ত শীতল, মেরুদণ্ডী
শ্বাসের জন্য ফুলকা-
চলাচলের পাখনা আছে
এখন মাথা চুলকা!
সচরাচর আঁশ থাকে আর
আঁশবিহীনও কম না
পানির নিচে বসত ওদের
ডাঙায় টেকে দম? না।
স্বাদু এবং নোনাপানির
আছে নানান গোত্রে
এই পৃথিবীর সবার প্রিয়
নেই কোনো দ্বিমতরে।
তাই তো ওরা সাগরতলে
পুকুর নদী ঝরনায়-
নৌবিহারে গেলেই ওরা
উঠতে পারে তোর নায়।
ওদের ধরে বিশাল জালে
কিংবা কোনো বড়শি
জীবিকা পায় জেলে এবং
মিটায় যে শখ পড়শি।
কেউ বা পোষে অ্যাকুইরিয়াম-
ভরতি রঙিন জলে
কিছু কিছু জলের পোকাও
আছে ওদের দলে।
মানুষ ওদের খেলে যে পায়
আমিষ দেহের জন্য
ঠিক ধরেছ মাছের কথাই
বলছি তো নয় অন্য।
বাংলাদেশের সাগর এবং
স্বাদু পানির মাছে
সবমিলিয়ে সাত শ' তিরিশ
প্রজাতিতে আছে।
মাছ দুনিয়ার সবার প্রিয়
আমার প্রিয় খুবই
মাছ নিয়ে তাই লিখতে ছড়া
মাছের রাজ্যে ডুবি।
হাওর
হাওরের জল
করে টলমল
টলমলে জলে
মাছেদের দল।
হাওরের হাসি
সবে ভালোবাসি
সূর্যের আলো
ভাসে রাশি রাশি।
হাওরের ধান
কৃষকের গান
বাংলার বুকে
অবিনাশী প্রাণ।
