ঝিনাইদহে করোনায় বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৯

ঝিনাইদহে কোভিড-১৯ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মমতা রানী সাহা (৮৮) নামে এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার ( ৭ সেপ্টেম্বর) সকালে মারা যান তিনি। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর মোট সংখ্যা দাঁড়াল ৩৩ জনে। 

বৃদ্ধার বাড়ি শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামে। তিনি মাগুরা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার ডা. অলোক কুমার সাহার মাতা। গত ৩০ আগস্ট কোভিড হাসপাতালে ভর্তি হন। 

আরও পড়ুন: মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষের চারা রোপণ

এদিকে নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে শৈলকূপা উপজেলায় ৭ জন, সদর উপজেলায় ৫ জন, হরিণাকুন্ডু উপজেলায় ৩ জন ও কালীগঞ্জ উপজেলায় ৬ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ‘কোন বিধি-নিষেধের পরোয়া করছে না মানুষ। এমনকি ঘরের বাইরে বের হলে মাস্ক পর্যন্ত ব্যবহার করছে না। করোনায় আক্রান্ত হয়ে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছে। হাট-বাজারগুলোতে মানুষ ভিড় করে কেনাকাটা করছে। সামাজিক দূরত্ব বিধি মানছে না। এতে সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে।’

ইত্তেফাক/এএএম