সাগরে ছয় মাস, অবশেষে ইন্দোনেশিয়ায় ঠাঁই হলো ৩০০ রোহিঙ্গার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৩

ছয় মাসেরও বেশি সময় সাগরে কাটানোর পর অবশেষে ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে পৌঁছেছে প্রায় ৩০০ রোহিঙ্গার একটি দল। ভয়াবহ এই যাত্রাকালে তাদের সঙ্গে থাকা অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপপুঞ্জের সর্ব উত্তরে অবস্থিত উজং ব্লাং গ্রামের প্রধান মুনির কাট আলী জানান, রোহিঙ্গাদের ঐ দলে বেশির ভাগই নারী ও শিশু। গতকাল সোমবার সকালে তাদের সাগরে দেখতে পান স্থানীয়রা। এরপর তারাই রোহিঙ্গা দলটিকে লোকসুমাওয়ে এলাকায় নামতে সাহায্য করেন।

ঐ অঞ্চলের সেনাপ্রধান রনি মাহেন্দ্র জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় পৌঁছানো রোহিঙ্গা দলটির মধ্যে ১৮১ জন নারী, ১০২ জন পুরুষ এবং ১৪টি শিশু রয়েছে। তাদের মধ্যে অন্তত এক জনের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এসব রোহিঙ্গা ঠিক কত দিন ধরে সাগরে ভাসছিল এবং কোন ধরনের নৌযানে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে, তাত্ক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এযাবত্কালে পৌঁছানো সবচেয়ে বড় রোহিঙ্গা দল এটাই।

এদিকে ইন্দোনেশিয়ার ভূমিতে নামতে দিয়ে রোহিঙ্গাদের জীবন রক্ষার ঘটনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত্তে এক বিবৃতিতে জানিয়েছেন, ২০০ দিনেরও বেশি সময় সাগরে কাটানো রোহিঙ্গা দলটি বারবার তীরে নামার চেষ্টা করার পরেও সেটা সম্ভব হচ্ছিল না। যাত্রাপথে এসব শরণার্থীর মধ্যে কয়েক ডজনের প্রাণহানি হয়েছে।