গ্রিসের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নর্দান সাইপ্রাসে সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক। বিদ্যমান পরিস্থিতিতে তাই এটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। রবিবার থেকে শুরু হওয়া এ মহড়া চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। খবর আলজাজিরার
শনিবারই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘গ্রিস হয় রাজনীতি ও কূটনীতির ভাষা বুঝবে, না হয় তাদের বেদনাদায়ক অভিজ্ঞতার মুখে পড়তে হবে। তুরস্কের জনগণ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।’ তুর্কি ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের ও তার্কিশ রিপাবলিক অফ নর্দান সাইপ্রাসের সামরিক অগ্রাধিকার একই।’ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, মহড়া সাফল্যের সঙ্গে চলছে।
এই পরিস্থিতিতে রবিবার এরদোয়ান ফোন করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টকে। ফোনে এরদোয়ান অনুরোধ করেন, এ ইস্যুতে ইইউ যেন একতরফাভাবে গ্রিসের পক্ষে অবস্থান না নিয়ে বরং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ করে।
