রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং দেশটির অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি কোমা থেকে কিছুটা সেরে উঠেছেন। বার্লিনের শারিয়েটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ডাকে সাড়া দিচ্ছেন তিনি।
সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নাভালনির শরীরে মারাত্মক বিষক্রিয়ার ফলে দীর্ঘমেয়াদি ক্ষতির প্রভাব সম্পর্কে বলার সময় এখনও আসেনি।
নাভালনি গত মাসে রাশিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয় তাকে। সেই থেকেই তিনি বার্লিনের ওই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।
বার্লিনের বরাত দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জানিয়েছেন, রাশিয়ার এ বিরোধী নেতার শরীরে নোভিচক নামে একধরনের বিষ প্রয়োগ করা হয়েছে। তবে নাভালনিকে বিষ প্রয়োগের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে মস্কো। গত ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কোগামী একটি বিমানে ওঠার কিছুক্ষণ পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আলেক্সেই নাভালনি।
রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচক এবং তার সরকারের ঊর্ধ্বতন কর্মর্কতাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য ৪৪ বছর বয়সী আলেক্সেই নাভালনি বেশ পরিচিত। এর আগেও বিষপ্রয়োগের শিকার হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: উত্তর সাইপ্রাসে তুরস্কের সামরিক মহড়া শুরু
গত বছর গ্রেফতারের পর সাজা খাটার সময় বিষপ্রয়োগের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরে মারাত্মক অ্যালার্জিক অ্যাটাক হয়েছে এবং পরদিন তাকে হাসপাতাল থেকে আবারও কারাগারে পাঠানো হয়। বিবিসি।
ইত্তেফাক/আরআই
