টি-২০তে ২০০ করতে পারেন রাসেল!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

টি-টোয়েন্টিতে আক্রমণের শেষ কথা মনে করা হয় আন্দ্রে রাসেলকে। আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স দলেরও মূল ভরসা তিনি। আর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিনে নামানোর পরিকল্পনা করছে কেকেআর।

এই প্রসঙ্গে দলের অস্ট্রেলিয়ান মেন্টর ডেভিড হাসির ব্যাখ্যাটা মোক্ষম। তিনি মনে করেন আন্দ্রে রাসেল বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টিতে অনায়াসে ডাবল সেঞ্চুরি করতে পারেন।

হাসি বলেন, ‘যদি ওকে ওপরে খেলালে দলের উপকার হয় এবং ম্যাচ জিততে সাহায্য করে, তবে কেন নয়? যদি রাসেল তিন নম্বরে ব্যাট করে এবং ৬০টা বল খেলার সুযোগ পায়, তবে হতে পারে যে ও ডাবল সেঞ্চুরি করে ফেলল। আন্দ্রে রাসেল ক্রিজে থাকলে যে কোনো কিছুই ঘটতে পারে। দলের হূদপিণ্ড বলা যেতে পারে রাসেলকে।’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ৫১০ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন আন্দ্রে রাসেল। আইপিএলে সর্বাধিক স্ট্রাইক রেটের মালিক ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে শুরু হচ্ছে আইপিএল। ২৩ সেপ্টেম্বর টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স।