সিরিজ নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। চলে এসেছে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে। আজ শেষ ম্যাচে তাই থাকছে পরীক্ষা নিরীক্ষার সুযোগ। বিশ্রাম দেওয়া হয়েছে জশ বাটলারকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না তিনি। জীবাণুমুক্ত পরিবেশ ছেড়ে পরিবারের কাছে চলে এসেছেন তিনি। তবে, সব কিছু ঠিকঠাক থাকলে আবারও ওয়ানডে সিরিজের আগে যোগ দেবেন দলের সঙ্গে।
গেল রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৪ বলে অপরাজিত ৭৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন বাটলার। ৬ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নেয় ইয়ন মরগ্যানের দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাটলারের ব্যাট থেকে এসেছিল ২৯ বলে ৪৪ রান।
টি-টোয়েন্টিতে বরাবরই সেরাদের এক জন বাটলার এখন আরো কার্যকর হয়ে উঠেছেন ওপেনিংয়ে উঠে আসার পর। ২০ ওভারের ক্রিকেটে ইনিংস শুরু করতে নেমে তার গড় ৫১, স্ট্রাইক রেট ১৫৭। বাটলার নিজেও এই পজিশনেই স্থায়ী হতে চান।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই (ওপেনিং) সম্ভবত আমার প্রিয় জায়গা। এখানে বেশ সাফল্য পেয়েছি আমি। আর সত্যি বলতে, টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ তিন পজিশনই যে কারও জন্য ব্যাটিংয়ের সেরা জায়গা। প্রথম তিন পজিশনে ব্যাট করার সুযোগ পেলে লুফে নেওয়ার মতো আমাদের মনে হয় অন্তত ৮-৯ জন ব্যাটসম্যান আছে। আমি এখানে সুযোগ পেয়ে খুবই খুশি। পাশাপাশি, দল আমার কাছে যা চায়, সেটি করতে পেরেও আমি খুশি। ওয়ানডে-টি-টোয়োন্টিতে অনেক ম্যাচ মিডল অর্ডারে খেলে, দল চাইলে সেখানে খেলতেও কোনো সমস্যা নেই। কোচ-অধিনায়কই এ সব ঠিক করবেন।’
