আমেরিকান স্টাডিজ চালু করা প্রসঙ্গে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭

যুগ এবং প্রয়োজনীয়তার কারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন কোর্স বা বিভাগ চালু করার বিষয়টি এখন যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের কর্মসংস্থান সেইসঙ্গে দেশের অর্থনৈতিক সূচকসহ অন্যান্য সূচক পৃথিবীর উন্নত দেশগুলির সঙ্গে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিত্য নতুন কোর্স বা বিভাগ চালু অব্যাহত রয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ নামে অনার্স কোর্স বা বিভাগ চালু করার কথা উল্লেখ করা যেতে পারে। শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, কর্মসংস্থান এইরূপ আরো বেশ কিছু কারণে জাপান আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সেই কারণে এই দেশ সম্পর্কে সম্যক ধারণা বা জ্ঞান অর্জনের বিষয়টিকে খাটো করে দেখা যায় না। এ কথা বললে নিশ্চয় অযৌক্তিক হবে না যে, ব্যবসা-বাণিজ্য, সামরিকসংক্রান্ত, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা এইরূপ বেশকিছু কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। যে কারণে পৃথিবীর অনেক দেশেই আমেরিকান স্টাডিজ এর মধ্যে চালু হয়েছে। অতএব বিজ্ঞান ও প্রযুক্তি, পারমাণবিক গবেষণাসহ অন্যান্য গবেষণা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এক কথায় পৃথিবীর উন্নত দেশগুলির সঙ্গে সমান তালে এগিয়ে যাওয়ার স্বার্থে বাংলাদেশে আমেরিকান স্টাডিজ  কোর্স চালু করার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

টি এম এইচ আলমগীর

বাগবাড়ী হাউজ, ঈদগাহ্ লেন, সূত্রাপুর, বগুড়া