সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর পরও দুই বাজারেই সবকটি সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
গতকাল লেনদেন শেষে বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও এদিন লেনদেনের শুরুতে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে শুরুতে সূচকের বড় উত্থানের আভাস মেলে। কিন্তু লেনদেনের প্রথম ঘণ্টা পার হতেই একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। এতে সূচকের বড় উত্থান আটকে যায়। দিনের লেনদেনের শেষ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪২ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ১৩০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮২টি এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৯ কোটি ৮৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ওরিয়ন ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, রিং সাইন টেক্সটাইল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ২৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২২টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
