মাস্টার্স কোর্স চালু করতে যাচ্ছে বিআইসিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

জ্ঞানভিত্তিক শেয়ারবাজারে গড়ে তুলতে এখাতে মাস্টার্স কোর্স চালু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২ বছর মেয়াদি কোর্সটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ইতিমধ্যে প্রাথমিক অনুমোদন মিলেছে। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের জানুয়ারিতে কোর্সটি চালু হবে। রাজধানীর তোপখানা রোডে বিআইসিএমের কার্যালয়ে গতকাল সোমবার শেয়ারবাজারের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নেতাদের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার এসব কথা জানান। অতীতেও সিএমজেএফের সদস্যরা বিআইসিএম থেকে একাধিক প্রশিক্ষণ নিয়েছেন। আগামীতে এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলে জানান তিনি। সাংবাদিকদের দক্ষতা বাড়াতে সিএমজেএফ সব সময় প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল, সহসভাপতি এম এম মাসুদ এবং সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।