মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ১০ অক্টোবর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

আগামী ১০ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন। রবিবার রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনের তপশিল ঘোষণা করেছে। মির্জাপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

সোমবার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুজ্জামান জানান, উপনির্বাচনে মেয়র পদের প্রার্থীরা সোমবার থেকেই মনোনয়নপত্র ক্রয় করে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন। মির্জাপুর পৌরসভায় ৯ ওয়ার্ডের ৯ ভোট কেন্দ্রে ৬৬ কক্ষে ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ২১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১০১ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ১১৬ জন।

এ ব্যাপারে মির্জাপুর পৌরসভার প্যানেল মেয়র চন্দনা দে বলেন, গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মো. সাহাদত হোসেন সুমন অসুস্থ হয়ে মারা যাওয়ায় মেয়র পদ শূন্য হয়। রবিবার নির্বাচন কমিশন সচিবালয় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ অক্টোবর উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, মির্জাপুর পৌরসভার মেয়র পদে শূন্য আসনে উপনির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। মির্জাপুর পৌরসভার মেয়র পদে শূন্য আসনে তপশিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উত্সাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রবিবার তপশিল ঘোষণার পর থেকেই মেয়র পদে একাধিক প্রার্থী ফেসবুকে উন্নয়নমূলক বিভিন্ন স্লোগানসহ দোয়া চেয়ে ছবি পোস্ট করেছেন। এ নিয়ে দেখা দিয়েছে আলোচনা-সমালোচনা। সবার প্রশ্ন একটাই আসলে কে পাচ্ছেন মেয়র পদে দলীয় মনোনয়ন।