নালিতাবাড়ীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬

নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারোপাহাড় থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার কাটাবাড়ি এলাকার গহিন জঙ্গল থেকে ঐ মৃতদেহ উদ্ধার করা হয়। বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত গভীর রাতে ঐ এলাকার জনৈক আব্দুস সাত্তারের বাগানসংলগ্ন স্থানে হাতিটি মারা যায়। এটি একটি বয়স্ক মাদি হাতি। ভোরে স্থানীয়রা হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের লোক ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণিসম্পদ বিভাগকে খবর পাঠায়। বন বিভাগের মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির পেটের বামপাশে একটি ছিদ্র রয়েছে। যা দেখতে গুলির ছিদ্রের মতো মনে হয়। তবে প্রাণিসম্পদ কার্যালয়ের লোক সুরতহাল দেখে বয়স্কজনিত কারণে মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন। স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান জানান, ভোররাতে বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা যেতে পারে।  এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে—বন্যহাতিটির বয়স ষাটের বেশি হবে। বয়স ও খাদ্যে বদহজমজনিত কারণে মারা গেছে। আমরা হাতির ময়নাতদন্ত করেছি। সঠিক কারণ পরে জানা যাবে।