রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে ভাড়া কম দেওয়ায় চলন্ত দ্বিতল বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের দমদমা তারাগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আহত যাত্রীর নাম জীবন। তার বাড়ি রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর শঠিবাড়ী ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া জানান, ভাড়া কম দেওয়ার কারণে এক যাত্রীকে দ্বিতল বাস থেকে ফেলে দেওয়া হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের হেলপার ভাড়া চেয়েছিল ২৫ টাকা। ঐ যাত্রী দিয়েছিল ২০ টাকা। পাঁচ টাকা কম দেওয়ায় বাগিবতণ্ডার এক পর্যায়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। দ্বিতল বাসটি পীরগঞ্জ থেকে পাগলাপীর যাচ্ছিল। তবে, বাসটি জব্দ করা সম্ভব হয়নি।
