সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সোমবার বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। বেসরকারিভাবে আগামী চাষি রংপুর লিমিটেড উত্পাদিত এসব চারা উপজেলা পরিষদের সামনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।

ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈরের দক্ষিণ সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ জন ছাত্রীর মধ্যে সোমবার বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজুল হক জানান, স্কুল থেকে দূরত্ব অনুযায়ী  এবং যেসব ছাত্রী বাইসাইকেল চালাতে পারদর্শী এমন বিবেচনায় ছাত্রী বাছাই করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে আড়ুয়াকান্দি নব উচ্চবিদ্যালয় ও কদমবাড়ী উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

করোনা বিষয়ক কর্মশালা

বেড়া (পাবনা) সংবাদদাতা বেড়ায় সোমবার সাংবাদিকদের অংশগ্রহণে করোনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেড়া প্রেসক্লাবের হলরুমে ‘ফ্রেন্ডশিপ হেলথ’ নামের একটি সামাজিক উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। এতে বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি শফিউল আযম, আব্দুল হান্নান প্রমুখ।

জেলায় বিতরণ হবে ১ লাখ ২০ হাজার মাস্ক

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলায় করোনা প্রতিরোধে এবং সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর ১ লাখ ২০ হাজার মাস্ক বিতরণ করা হবে। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে জেলার ১০ উপজেলায় একসঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও সংস্থার মাধ্যমে এ সমস্ত মাস্ক বিতরণ করা হবে।

ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠি প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, কাজী ছোয়াইব প্রমুখ।

পাইকগাছায় বৃক্ষরোপণ উদ্বোধন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোলাদানা বাজার থেকে হরিখালী পর্যন্ত বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক প্রমুখ।

বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা নিজেদের রেশনের খাদ্যসামগ্রী সংগ্রহ করে তা নিয়ে সারা দেশের বানভাসি অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেড ৩০ বীর এর পক্ষ থেকে চিলমারীতে বন্যার্ত অসহায় মানুষের মধ্যে সোমবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। থানাহাট এ ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ে অসহায় ১৮০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাহবুব মোর্শেদ, সার্জেন্ট সামসুল হক প্রমুখ।

কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসন অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণীসভা। উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম।