বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক :কাদের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে বিএনপি বারবার আঘাত করেছে। বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক। গতকাল সোমবার সংসদ ভবন এলাকার নিজ বাসভবনে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করছেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে অশান্তির          বিষবাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির প্যাটেন্ট আপনাদেরই। ‘সরকার অর্থনীতি ধ্বংস করছে’, বিএনপির এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। 

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৬৪ ডলার। অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিএনপি দেখতে পায় না। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি নির্ভরতার বিপরীতে রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা, শিল্পের বিকাশসহ প্রতিটি সূচকে ইতিবাচক অর্জনে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ শক্তিশালী অবস্থানে। 

ওবায়দুল কাদের বলেন, করোনার সংক্রমণ দেশ জুড়ে কমে এসেছে এ কথা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। আমি দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করছি।