পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বলেছেন, গত ১০ বছরে পুলিশের ইউনিট ও সদস্যসংখ্যা বেড়েছে। জনগণকে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে ব্যবহূত হচ্ছে বিভিন্ন সিরিজের মোবাইল নম্বর। এসব নম্বরের সঠিকতা নিয়ে একদিকে পুলিশ, অন্যদিকে জনগণের বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। এতে পুলিশের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া বিলম্বিত হচ্ছে। পুলিশের কমিউনিকেশন সিস্টেম একই প্ল্যাটফরমে নিয়ে আসা জরুরি। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে পুলিশ ও গ্রামীণফোনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। এছাড়া এ সময় অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরীসহ পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্রামীণফোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই চুক্তির আওতায় গ্রামীণফোন পুলিশকে একই সিরিজের ৩ লাখ মোবাইল ফোন সংযোগ দেবে।
